পরামাণু যুদ্ধের হুঁশিয়ারি? আমেরিকার বুকে কাঁপন ধরাতে কিমের হাতে এল ‘অজেয়’ অস্ত্র

নিউজ ডেস্ক–
পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের আবহে আরও আগ্রাসী মেজাজে ধরা দিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। আমেরিকার রাডার ফাঁকি দিয়ে সরাসরি সে দেশের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম, এমন এক শক্তিশালী ‘সলিড ফুয়েল’ ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল পিয়ংইয়ং। যা কিমের অস্ত্রাগারে থাকা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম-এর ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিল বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ (KCNA) জানিয়েছে, কিম জং উন স্বয়ং এই উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের ‘গ্রাউন্ড জেট’ পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন। কার্বন ফাইবার দিয়ে তৈরি এই নতুন ইঞ্জিনের ধাক্কা দেওয়ার ক্ষমতা প্রায় ২,৫০০ কিলোটন, যা আগের যেকোনো পরীক্ষার তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, একটি মাত্র মিসাইলে একাধিক পরমাণু অস্ত্র বহন করার উদ্দেশ্যেই এই শক্তির আস্ফালন। যার মূল লক্ষ্য আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়া।
এই পরীক্ষার পর কিম জং উন সাফ জানিয়েছেন, উত্তর কোরিয়াকে স্থায়ী পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই তার একমাত্র লক্ষ্য। পাশাপাশি দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ হিসেবে দেগে দিয়ে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। বিশ্লেষকদের দাবি, ইরান ও ইজরায়েল সংঘাতের সুযোগ নিয়ে বাইডেন প্রশাসনকে চাপে রাখতেই কিমের এই মারণাস্ত্রের মহড়া।