‘পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না মুখ্যমন্ত্রী’, দক্ষিণ ২৪ পরগনায় প্রচারে ঝড় তুলে মমতাকে তোপ সুকান্তর

‘পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না মুখ্যমন্ত্রী’, দক্ষিণ ২৪ পরগনায় প্রচারে ঝড় তুলে মমতাকে তোপ সুকান্তর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে রাজনৈতিক পারদ। সোমবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী ও গোসাবা এলাকায় জোরদার প্রচার চালালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে দলীয় প্রার্থীদের মনোনয়ন পেশের মিছিলে শামিল হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন তিনি। সুকান্ত দাবি করেন, নির্বাচন কমিশনের তৎপরতায় শাসক শিবিরের অস্বস্তি বাড়ছে এবং বাংলার জনগণ এবার পরিবর্তনের মুডেই রয়েছে।

এদিনের জনসভা ও প্রচার মিছিলে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বলেন, নির্বাচন কমিশন যেভাবে পদক্ষেপ নিচ্ছে, তাতে মুখ্যমন্ত্রীর মেজাজ ঠিক থাকছে না। তিনি আরও মন্তব্য করেন, বর্তমান রাজনৈতিক পরিবেশের সঙ্গে মুখ্যমন্ত্রী আর খাপ খাওয়াতে পারছেন না কারণ তিনি বুঝতে পারছেন যে বাংলার মানুষ তাঁর থেকে ক্ষমতার মসনদ কেড়ে নিচ্ছে। সুকান্তর কথায়, রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক পরিস্থিতি এখন শাসকদলের প্রতিকূলে চলে গিয়েছে।

বিগত লোকসভা নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে সুকান্ত দাবি করেন, সেবার বিজেপি ৯১টি আসনে জয়লাভ করেছিল এবং অন্তত ৮০টি আসনে সামান্য ব্যবধানে হারতে হয়েছিল। ভোটার তালিকায় গরমিল ও এসআইআর সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এবার সেই ত্রুটি সংশোধিত হওয়ায় ওই আসনগুলি বিজেপির দখলে আসা নিশ্চিত। তাঁর দাবি, দক্ষিণ ২৪ পরগনা জেলার মোট আসনের অন্তত অর্ধেক এবার গেরুয়া শিবির পাবে।

এদিন বাসন্তী বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ সরদারের সমর্থনে হুডখোলা গাড়িতে করে বিশাল বাইক ও টোটো মিছিল বের করা হয়। ক্যানিং মহকুমার চারটি কেন্দ্র— ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, বাসন্তী ও গোসাবার প্রার্থীদের মনোনয়ন পর্বে উপস্থিত থেকে সুকান্ত মজুমদার আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন যে, ছাব্বিশের লড়াইয়ে বিজেপিই বাংলার ক্ষমতায় আসছে। শাসক-বিরোধী এই বাগযুদ্ধকে কেন্দ্র করে চৈত্র শেষের তপ্ত দুপুরে ক্যানিং চত্বরে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *