পর্দার জাদুকর হ্যারি পটারের বাস্তব জীবন ছিল নেশায় অন্ধকার, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ড্যানিয়েল র্যাডক্লিফ

বিশ্বজুড়ে হ্যারি পটার হিসেবে পরিচিত হলিউড অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ তাঁর জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন। ছোটবেলায় আকাশছোঁয়া জনপ্রিয়তা পেলেও মাত্র ১৮ বছর বয়স থেকেই মারাত্মকভাবে সিগারেট ও অ্যালকোহলের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। অভিনেতা জানান, নিজের কাজকে আরও উন্নত করা এবং দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠার ভুল ধারণা থেকেই তিনি এই নেশার জগতে পা বাড়িয়েছিলেন।
ড্যানিয়েল জানান, ২০১০ সাল নাগাদ তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তিনি সাময়িকভাবে নেশা ত্যাগ করেন। তবে ২০১২ সালে তিনি আবারও আসক্ত হয়ে পড়েন, যা তাঁর জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে তিনি ফিটনেসের ওপর জোর দেন এবং কফি পানের অভ্যাসসহ সব ধরনের নেশা বর্জন করে সুস্থ জীবনে ফিরে আসেন।
জে কে রাউলিংয়ের কালজয়ী সৃষ্টি ‘হ্যারি পটার’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পেলেও এই বিপুল পরিচিতি ড্যানিয়েলের ব্যক্তিগত জীবনে এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। ২০০৭ সালে এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি মুক্তির পর তিনি আরও অনেক কাজ করলেও হ্যারি পটার ইমেজ থেকে বের হতে পারেননি। টাইপকাস্ট হয়ে যাওয়ার যন্ত্রণা এবং খ্যাতির চাপ সামলাতেই তিনি একটা সময় নেশার আশ্রয় নিয়েছিলেন বলে স্বীকার করেছেন।