পর্দা কাঁপাতে আসছেন শাহরুখ ও রজনীকান্ত, জেলার ২ ছবিতে কিং খানের ভূমিকা নিয়ে ফাঁস চাঞ্চল্যকর তথ্য
বিনোদনের দুনিয়ায় বড়সড় ধামাকা হতে চলেছে। বড়পর্দায় প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছেন দক্ষিণী সিনেমার ‘থালাইভা’ রজনীকান্ত এবং বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। নেলসন দিলীপকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’-তে এই দুই মহাতারকাকে একসঙ্গে দেখার গুঞ্জন এখন তুঙ্গে।
বলিউড সূত্রে খবর, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, তাঁকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যেতে পারে। চলতি মাসেই ছবির শুটিং শুরু হয়েছে এবং তা এখন অন্তিম পর্যায়ে। তবে শাহরুখের অংশের বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে, যা শেষ করতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। চলতি মাসের মধ্যেই তাঁর অংশের শুটিং সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।
চমকের এখানেই শেষ নয়। ছবিতে শাহরুখ ছাড়াও বিজয় সেতুপতিকে একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে। পাশাপাশি মিঠুন চক্রবর্তী এবং বিদ্যা বালান এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন বলে গুঞ্জন রয়েছে। একটি বিশেষ নাচের দৃশ্যে নোরা ফতেহির উপস্থিতিও দর্শকদের বাড়তি পাওনা হতে পারে।
কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীই প্রথম এই বড় খবরটি প্রকাশ্যে এনেছিলেন। তিনি জানিয়েছিলেন, ‘জেলার ২’ ছবিতে রজনীকান্তের পাশাপাশি মোহনলাল, রম্য কৃষ্ণন, শিবা রাজকুমার এবং শাহরুখ খানকেও দেখা যাবে। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ছবিতে ভরপুর অ্যাকশনের ব্যবস্থা রাখা হয়েছে। দুই সুপারস্টারের রসায়ন বড়পর্দায় কতটা আগুন ঝরঝর করে, এখন সেটাই দেখার অপেক্ষা।