পশ্চিমবঙ্গে বিজেপির ৬ গ্যারান্টি ঘোষণা নরেন্দ্র মোদির, ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন চালুর প্রতিশ্রুতি

পশ্চিমবঙ্গে বিজেপির ৬ গ্যারান্টি ঘোষণা নরেন্দ্র মোদির, ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন চালুর প্রতিশ্রুতি

আবহাওয়া প্রতিকূল থাকায় কিছুটা বিলম্বে হলেও হলদিয়ার জনসভা থেকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ‘৬ গ্যারান্টি’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলাইকুণ্ডায় অবতরণের পর চপারে করে হলদিয়ায় পৌঁছান তিনি। সেখান থেকেই সরাসরি তৃণমূল সরকারকে আক্রমণ করে মোদি জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বর্তমানের ভয়ের রাজনীতির বদলে মানুষের মনে ভরসা ফিরিয়ে আনা হবে। তাঁর প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম হলো সরকারি ব্যবস্থাকে সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ করা।

প্রধানমন্ত্রী এদিন দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, বিগত বছরগুলোতে হওয়া সমস্ত দুর্নীতি এবং মহিলাদের ওপর অত্যাচারের ফাইল নতুন করে খোলা হবে। তিনি স্পষ্ট করে দেন যে, তৃণমূল জমানার কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিই রেহাই পাবেন না। মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মী—আইন সবার জন্য সমানভাবে কাজ করবে এবং অপরাধীদের স্থান হবে জেলখানায়। জনগণের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

শরণার্থী ও অনুপ্রবেশকারী ইস্যুতেও বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, শরণার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে, তবে অনুপ্রবেশকারীদের এ দেশে থাকতে দেওয়া হবে না। সরকারি কর্মচারীদের আশ্বস্ত করে মোদি ঘোষণা করেন, বিজেপি সরকার গঠন করলেই রাজ্যে সপ্তম পে কমিশন কার্যকর করা হবে। দীর্ঘদিন ধরে যারা ভয়ের পরিবেশে কাজ করছেন, তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রীর এই ছয় দফা গ্যারান্টির তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই কন্যাশ্রী, ঐক্যশ্রী, স্বাস্থ্য সাথী ও রূপশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো সফলভাবে চালাচ্ছে। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও তফশিলি, আদিবাসী ও ওবিসিদের জন্য শিক্ষাশ্রী ও মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই শিবিরের এই বাদানুবাদে সরগরম হয়ে উঠেছে রাজ্যের নির্বাচনী আবহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *