পশ্চিমবঙ্গে বিস্তৃত হচ্ছে পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস পরিষেবা, জেনে নিন বিস্তারিত

পশ্চিমবঙ্গে রান্নার গ্যাসের সিলিন্ডারের বিকল্প হিসেবে পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস বা পিএনজি (PNG) সংযোগের পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বেঙ্গল গ্যাস কো ম্পা নি লিমিটেডের উদ্যোগে নদীয়ার কল্যাণীসহ কলকাতা মেট্রোপলিটন এলাকার অন্তর্গত হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন অংশে এই পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে। এছাড়া দুর্গাপুরের পানাগড়ে স্থাপিত সোর্স পয়েন্টের মাধ্যমে পশ্চিম ও পূর্ব বর্ধমানের শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
দুর্গাপুরের কাঁকসা ব্লকের গোপালপুর এলাকায় ইতিমধ্যেই প্রায় ১,৫০০টি পরিবার এই সংযোগের আওতায় এসেছে। অন্যদিকে, উত্তরবঙ্গে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) ২০২৬ সালের মার্চের মধ্যে শিলিগুড়ি মহকুমায় গ্যাস সরবরাহ শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে। জলপাইগুড়ি শহরের উপকণ্ঠেও প্রায় ২,৫০০টি বাড়িতে সংযোগ প্রদানের প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের মাধ্যমে এই নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ বর্তমানে দ্রুতগতিতে এগোচ্ছে।
আপনার এলাকায় পিএনজি সংযোগ উপলব্ধ কি না, তা জানতে এখন আর সংশ্লিষ্ট সংস্থার দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই। আদানি টোটাল গ্যাস, গেইল (GAIL) বা এইচপিসিএল-এর মতো সরবরাহকারী সংস্থাগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিন কোড দিলেই বর্তমান স্থিতি জানা সম্ভব। উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকায় পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন হলে গ্রাহকদের পর্যায়ক্রমে সিলিন্ডার পরিষেবা থেকে পিএনজি সংযোগে স্থানান্তরিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।