পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে ভিনরাজ্যের বিচারক নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে ভিনরাজ্যের বিচারক নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ অভিযোগের নিষ্পত্তি বাকি থাকা অবস্থায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, এই কাজ দ্রুত সম্পন্ন করতে ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহারের মতো প্রতিবেশী রাজ্য থেকে বিচারক বা জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যাবে। আগামী শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও বিশাল সংখ্যক তথ্যগত অসঙ্গতি ও অমীমাংসিত অভিযোগ দূর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁদের মতে, নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে ভিনরাজ্যের বিচারক আনা প্রয়োজন এবং এই নির্দেশের মান্যতা দেওয়া উচিত। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ধাপে ধাপে তালিকা প্রকাশের এই পরিকল্পনা অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী।

অন্যদিকে, এই ইস্যুতে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, কমিশনের ব্যর্থতা ও অযোগ্যতার কারণেই আজ প্রতিবেশী রাজ্য থেকে বিচারক আনার মতো নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ১ কোটি ২০ লক্ষ তথ্যগত অসঙ্গতি এবং ৩২ লক্ষ আনম্যাপড ভোটার নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বর্তমানে বিচারক কমিটির ওপর বিপুল কাজের চাপ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *