পশ্চিমবঙ্গে ভোট দু’দফায়! কবে ভোট, কবে ফল? জানালেন জ্ঞানেশ কুমার

পশ্চিমবঙ্গে দীর্ঘ ৫০ বছর পর দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রবিবার এই ঘোষণা করেছেন। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫টি জেলার ১৫২টি আসনে এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় বাকি ৮টি জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের ফলাফল আগামী ৪ মে ঘোষিত হবে বলে কমিশন জানিয়েছে।
প্রথম দফায় উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভোট হবে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলা। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে দক্ষিণবঙ্গের নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৩৩টি আসনে ভোট হবে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ১৯৭৭ সালের পর রাজ্যে সংক্ষিপ্ততম নির্বাচনী সূচির নজির গড়ল। সে বছর ১১ ও ১৪ জুন দুই দফায় ভোট হয়েছিল। এবারও দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসনকে কড়া নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোও এই ঘোষণার পর পুরোদমে প্রচারের প্রস্তুতি শুরু করেছে।