পশ্চিমবঙ্গে সাড়ে তিন হাজার ওয়াকফ সম্পত্তি বাতিল, রাজ্যসভায় তথ্য দিলেন কিরেন রিজিজু

পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি যাচাই প্রক্রিয়ায় বড়সড় গরমিল প্রকাশ্যে এসেছে। সোমবার রাজ্যসভায় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, রাজ্যে যাচাইকরণের সময় ৩,৫০৯টি ওয়াকফ সম্পত্তি বাতিল করা হয়েছে। শমীক ভট্টাচার্য ‘উমিদ’ পোর্টালে নথিভুক্তিকরণের ধীর গতি এবং বিপুল সংখ্যক সম্পত্তির ভবিষ্যৎ আইনি বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারের নজরদারি নিয়ে প্রশ্ন তোলেন।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত তথ্য আপলোড করা বাধ্যতামূলক ছিল। ১৭ মার্চ পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ৮৫,১১০টি সম্পত্তির নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হলেও মাত্র ১৮,৪৯৭টি অনুমোদিত হয়েছে। গত বছর ৬ ডিসেম্বর প্রাথমিক সময়সীমা শেষ হওয়ার আগে জমা পড়া আবেদনের মধ্যেও একটি বড় অংশ বাতিল হয়ে গিয়েছে।
বর্তমানে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে পশ্চিমবঙ্গের জন্য ‘উমিদ’ পোর্টালের সময়সীমা আগামী ২৪ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এই বর্ধিত সময়ের মধ্যে ওয়াকফ বোর্ডকে বাকি সম্পত্তিগুলির তথ্য আপলোড ও যাচাইকরণের কাজ সম্পন্ন করতে হবে। রাজ্যসভায় মন্ত্রী স্পষ্ট করেন যে, এই সামগ্রিক প্রক্রিয়াটি শেষ হলেই রাজ্যে বৈধ ওয়াকফ সম্পত্তির প্রকৃত এবং চূড়ান্ত সংখ্যাটি নিশ্চিতভাবে জানা সম্ভব হবে।