পশ্চিম এশিয়ায় যুদ্ধকালীন সংকটে জ্বালানি ও সারের জোগান নিয়ে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি ও সারের জোগান নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদে দাঁড়িয়ে তিনি জানান, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখছে কেন্দ্র। বিশেষ করে এলপিজি বা রান্নার গ্যাসের উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্ট জানান, পণ্যবাহী জাহাজে হামলা বা পথ অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিস্থিতি মোকাবিলায় ভারত এখন ২৭টির পরিবর্তে ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানি করছে, যা দেশের সরবরাহ ব্যবস্থাকে আরও মজবুত ও বৈচিত্র্যময় করে তুলেছে।
দীর্ঘমেয়াদি এই বৈশ্বিক সংকট মোকাবিলায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিরোধীদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতীয় স্বার্থে সংসদের একজোট হওয়া বর্তমান সময়ের দাবি। দেশের প্রতিটি পরিবার যাতে পেট্রল, ডিজেল ও গ্যাসের সমস্যায় না পড়ে, তা সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।