পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ কলকাতার ইফতার বাজারে, জাকারিয়া স্ট্রিটে চড়ছে খেজুরের দাম

ইরান-ইজরায়েল যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে কলকাতার রমজানের বাজারে। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার জেরে আমদানিকৃত খেজুরের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আগেভাগেই মজুতদারি শুরু করেছেন ব্যবসায়ীরা। শহরের ঐতিহ্যবাহী জাকারিয়া স্ট্রিটের ইফতার বাজারে ইতিমধ্যেই এর প্রতিফলন দেখা যাচ্ছে। পুনে ও বেঙ্গালুরুর মতো শহরে দাম বাড়ায় কলকাতার ক্রেতারাও দ্রুত কেনাকাটা সারছেন।
বর্তমানে বাজারে কিমিয়া খেজুরের ৪০০ গ্রামের দাম প্রায় ২০০ টাকা এবং আজওয়া ২৫০ গ্রাম মিলছে ২৫০ টাকায়। এছাড়া সৌদি বার্নি ৩৫০ টাকা এবং দেগলেট নুর ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, সাধারণ পিন খেজুর বা সুখা খেজুরের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও আমদানিকৃত প্রিমিয়াম জাতের ফলের দাম বাড়তে শুরু করেছে।
ব্যবসায়ীদের মতে, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে ইরান ও সৌদি আরব থেকে আসা খেজুরের সংকট তীব্র হতে পারে। বিশেষ করে মদিনার আজওয়া বা ইরানের কিমিয়া খেজুরের জোগান কমে গেলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে দাম। উদ্ভূত পরিস্থিতিতে বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে আমদানিকারকদের গতিবিধির ওপর নজর রাখছেন সংশ্লিষ্ট মহল।