পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত: বাতিল ৪০ হাজার উড়ান, আকাশছোঁয়া চার্টার্ড বিমানের চাহিদা

পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত: বাতিল ৪০ হাজার উড়ান, আকাশছোঁয়া চার্টার্ড বিমানের চাহিদা

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক সংঘাতের জেরে অসামরিক বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইরান, ইরাক, সিরিয়া ও কুয়েতসহ বিস্তীর্ণ অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় এ পর্যন্ত প্রায় ৪০ হাজার উড়ান বাতিল করা হয়েছে। আমেরিকা ও ইজরায়েলের সাথে ইরানের এই সংঘাতের প্রভাবে সংযুক্ত আরব আমিরশাহি এবং কাতারেও বিমান চলাচল সীমিত রাখা হয়েছে।

সংঘাতের আবহে যুদ্ধকবলিত এলাকা ছাড়তে মরিয়া যাত্রীদের মধ্যে চার্টার্ড বিমানের চাহিদা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক উড়ান বন্ধ থাকায় অনেকে কয়েক গুণ বেশি ভাড়া দিয়েও ব্যক্তিগত বিমানে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, দুবাই থেকে ভারতে আসার জন্য মাঝারি মাপের চার্টার্ড বিমানের ভাড়া বর্তমানে ৭০ হাজার থেকে ১ লক্ষ ডলারে পৌঁছেছে।

পরিস্থিতি জটিল হওয়ায় আকাশসীমা ব্যবহারে নানা বিধিনিষেধ জারি করা হয়েছে। সৌদি আরব ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে লাগাতার হামলার অভিযোগ তুলেছে, যার ফলে অসামরিক পরিবহণ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। বিপুল চাহিদা থাকা সত্ত্বেও নিরাপত্তার খাতিরে সব ক্ষেত্রে চার্টার্ড বিমান পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *