পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি ও নিরাপত্তা নিশ্চিতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠক

পশ্চিম এশিয়ার চলমান সামরিক সংঘাতের আবহে দেশের জ্বালানি নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা পর্যালোচনা করতে শুক্রবার জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে জ্বালানি তেল ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখা হবে। প্রধানমন্ত্রী মোদী দেশজুড়ে স্থিতাবস্থা বজায় রাখতে এবং আপৎকালীন পরিকল্পনা বাস্তবায়নে সমস্ত রাজ্যকে ‘টিম ইন্ডিয়া’ হিসেবে একযোগে কাজ করার আহ্বান জানাতে পারেন বলে খবর।
বৈঠকে মূলত জ্বালানি সংকটের মোকাবিলা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়ানোই এই আলোচনার মূল লক্ষ্য। ইতিপূর্বে সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে, জ্বালানি সংকট এড়াতে ইথানল উৎপাদন এবং বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের ওপর জোর দিচ্ছে সরকার। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই সাতটি উচ্চপর্যায়ের ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠন করা হয়েছে।
নির্বাচন ঘোষণা হওয়ায় পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরিবর্তে মুখ্যসচিবেরা এই বৈঠকে প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে। হরমুজ প্রণালীর গুরুত্ব বিবেচনা করে পণ্যবাহী জাহাজে হামলা বা সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আগাম সতর্কতা অবলম্বন করছে কেন্দ্র। যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে দেশীয় অর্থনীতি ও সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৈঠকের পর রাজ্যগুলি কী ধরনের বিকল্প ব্যবস্থা গ্রহণ করে, এখন সেটাই দেখার।