পহেলগাঁও হামলায় বিতর্কিত পোস্ট: লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোরকে জামিন দিল সুপ্রিম কোর্ট

পহেলগাঁও হামলায় বিতর্কিত পোস্ট: লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোরকে জামিন দিল সুপ্রিম কোর্ট

পহেলগাঁও জঙ্গি হামলায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রেফতার হওয়া লোকসঙ্গীত শিল্পী নেহা সিং রাঠোরকে জামিন দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি এএস চান্দুরকরের বেঞ্চ এই নির্দেশ প্রদান করেন। এর আগে এলাহাবাদ হাইকোর্ট নেহার জামিনের আবেদন খারিজ করে দিলে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

আদালতের নির্দেশ অনুযায়ী এদিন নিজের বয়ান রেকর্ড করেন নেহা। শুনানির পর দুই বিচারপতির বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে জানান যে, জেলমুক্ত হলেও তদন্তের স্বার্থে তাঁকে সবরকম সহযোগিতা করতে হবে। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি শীর্ষ আদালত তাঁকে গ্রেপ্তারি থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিলেও এবার পূর্ণাঙ্গ জামিন পেলেন এই শিল্পী।

২০২৫ সালের পহেলগাঁও হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় বিজেপি সরকারকে দায়ী করে বিতর্কিত মন্তব্য করেছিলেন নেহা। এই মামলার প্রেক্ষিতে আদালত উত্তরপ্রদেশ সরকার ও অভিযোগকারীকে নোটিশ জারি করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, নেহার বিরুদ্ধে আপাতত কোনো কঠোর বা জোরপূর্বক পদক্ষেপ গ্রহণ করা যাবে না। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এই আইনি সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *