পাঁচ তলার বারান্দা থেকে ঝাঁপ নাকি নিছকই দুর্ঘটনা! বৃদ্ধের রহস্যমৃত্যুর নেপথ্যে কি তবে একাকীত্ব

পাঁচ তলার বারান্দা থেকে ঝাঁপ নাকি নিছকই দুর্ঘটনা! বৃদ্ধের রহস্যমৃত্যুর নেপথ্যে কি তবে একাকীত্ব

কলকাতা

বেনিয়াপুকুরের এজেসি বোস রোডের একটি অভিজাত আবাসনে বৃদ্ধের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে আবাসনের নিচে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৮৫ বছর বয়সি গ্যাব্রিয়েল জোনাস গোমসকে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধ ওই আবাসনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৬টা ৪৫ মিনিট নাগাদ আবাসনের বাসিন্দারা বৃদ্ধকে নিচে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে প্রশাসন।

তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, বৃদ্ধ গ্যাব্রিয়েল জোনাস গোমস দীর্ঘকাল ধরে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁর দেখভালের জন্য একজন পরিচারিকা থাকতেন। কাজ শেষে ওই পরিচারিকা চলে যাওয়ার সময় ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা দিয়ে যেতেন। ফলে সারা রাত কার্যত একাই বন্দি অবস্থায় কাটাতেন ওই প্রৌঢ়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৬টা ৫ মিনিটে তিনি ব্যালকনি থেকে নিচে পড়ে যান।

প্রাথমিক তদন্তে পুলিশ কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি। এমনকি পরিবারের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে একজন অশীতিপর বৃদ্ধকে কেন রাতভর বাইরে থেকে তালাবন্ধ করে রাখা হত, সেই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিচ্ছে। এটি দুর্ঘটনা নাকি একাকীত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহননের পথ বেছে নেওয়া, তা খতিয়ে দেখছে বেনিয়াপুকুর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *