পাঁচ বছরে চার গুণ বৃদ্ধি পেল উত্তরপাড়ার বাম প্রার্থী মিনাক্ষীর সম্পত্তি

পাঁচ বছরে চার গুণ বৃদ্ধি পেল উত্তরপাড়ার বাম প্রার্থী মিনাক্ষীর সম্পত্তি

নন্দীগ্রামের লড়াই পেরিয়ে এবার উত্তরপাড়ার নির্বাচনী ময়দানে বামেদের তরুণ প্রজন্মের ‘ক্যাপ্টেন’ মিনাক্ষী মুখোপাধ্যায়। শনিবার শ্রীরামপুর মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাঁর হলফনামা থেকে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় গত পাঁচ বছরে মিনাক্ষীর অস্থাবর সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে চার গুণেরও বেশি। বর্তমানে তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫ লক্ষ ৭৮ হাজার ৪৫৬ টাকা, যা পাঁচ বছর আগে ছিল ১ লক্ষ ৩২ হাজার ১৯৮ টাকা।

দলের সর্বক্ষণের কর্মী হিসেবে পরিচিত মিনাক্ষীর আয়ের একমাত্র উৎস দলীয় ভাতা। ২০২৬ সালের হলফনামা অনুযায়ী, তাঁর নিজের নামে কোনও স্থাবর সম্পত্তি, জমি বা বাড়ি নেই। তবে একটি ১২ বছরের পুরনো স্কুটার রয়েছে যার বর্তমান বাজারমূল্য ২০ হাজার ৮৮০ টাকা। বর্তমানে তাঁর চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে একটি পিপিএফ অ্যাকাউন্ট। এছাড়া মিউচুয়াল ফান্ডে ৯৬ হাজার ৮৯৫ টাকার বিনিয়োগ এবং ২ লক্ষ টাকার একটি জীবন বিমা রয়েছে উত্তরপাড়ার এই সিপিএম প্রার্থীর।

সম্পত্তির পাশাপাশি গত পাঁচ বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে মিনাক্ষীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যাও। ২০২১ সালে তাঁর বিরুদ্ধে মাত্র ২টি এফআইআর ছিল, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৯টিতে। কলকাতা ও বিধাননগর-সহ রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, বেআইনি জমায়েত এবং সম্পত্তি নষ্টের মতো একাধিক অভিযোগ রয়েছে। তবে হলফনামা অনুযায়ী, কোনো মামলাতেই এখনও পর্যন্ত চার্জশিট গঠিত হয়নি।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে মিনাক্ষী যথেষ্ট উচ্চশিক্ষিত। ২০০৭ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ২০১০ সালে বিএড পাশ করেন তিনি। হলফনামায় নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন এই বাম নেত্রী। বাজারে তাঁর কোনও আর্থিক দেনা না থাকলেও, রাজনৈতিক লড়াইয়ের ময়দানে মামলার সংখ্যা বৃদ্ধি তাঁর আন্দোলনের তীব্রতাকেই ইঙ্গিত করছে বলে রাজনৈতিক মহলের ধারণা। সব মিলিয়ে উত্তরপাড়ার এই হেভিওয়েট প্রার্থীর ব্যক্তিগত ও রাজনৈতিক খতিয়ান এখন আলোচনার কেন্দ্রে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *