পাঁচ বছরে দ্বিগুণ সম্পত্তি: বিধানসভা নির্বাচনে হলফনামা জমা দিলেন হিমন্ত বিশ্বশর্মা

পাঁচ বছরে দ্বিগুণ সম্পত্তি: বিধানসভা নির্বাচনে হলফনামা জমা দিলেন হিমন্ত বিশ্বশর্মা

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সম্পত্তির পরিমাণ গত পাঁচ বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পেশ করা হলফনামায় এই তথ্য সামনে এসেছে। বর্তমানে মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীর সম্মিলিত স্থাবর-অস্থাবর সম্পত্তির মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৫ কোটি ১৫ লক্ষ টাকা। উল্লেখ্য যে, ২০২১ সালে তাঁদের এই সম্পত্তির পরিমাণ ছিল ১৭ কোটি ২৭ লক্ষ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, হিমন্ত বিশ্বশর্মার নিজস্ব অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৩৬ লক্ষ টাকা। এর মধ্যে চারটি ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ৬৮ লক্ষ টাকা এবং নগদ ২ লক্ষ ২৮ হাজার টাকা। এছাড়া তাঁর সংগ্রহে রয়েছে ১৮০ গ্রাম ওজনের সোনার অলঙ্কার। ২০১৬ সালে যেখানে এই পরিবারের মোট সম্পত্তি ছিল ৬ কোটি ৩৮ লক্ষ টাকা, সেখানে গত এক দশকে তা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার সম্পত্তির পরিমাণও নজরকাড়া। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৩ কোটি ৫৪ লক্ষ টাকা, যার মধ্যে ব্যাংকে গচ্ছিত আছে ৭৪ লক্ষ ৮৫ হাজার টাকা। রিনিকি দেবীর সংগ্রহে রয়েছে প্রায় দেড় কেজি ওজনের সোনার গয়না, যার বর্তমান বাজারমূল্য ২ কোটি টাকারও বেশি। রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীর এই বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির বিষয়টি বর্তমানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *