পাঁশকুড়ায় ছেলেধরা আতঙ্কে মহিলাকে গণপিটুনি, ব্যাগ থেকে উদ্ধার অস্ত্র ও একাধিক নথি

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা এলাকায় ছেলেধরা সন্দেহে এক মহিলাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। মঙ্গলবার সকালে মোহনপুর ব্রহ্মোত্তর গ্রামে ওই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটকে রাখেন। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এক সপ্তাহ আগেও একই এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বলে স্থানীয়দের দাবি।
ধৃত মহিলার ব্যাগ তল্লাশি করে পুলিশ দুটি ছুরি, একটি বঁটি, চকোলেট, নগদ টাকা এবং একাধিক আধার কার্ড ও ব্যাঙ্কের পাসবই উদ্ধার করেছে। ওই মহিলার কাছে থাকা এই রহস্যজনক সামগ্রী ঘিরে এলাকাবাসীদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়। জিজ্ঞাসাবাদের সময় মহিলা নিজের পরিচয় জাহানারা বিবি বলে জানালেও তার উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পাঁশকুড়া থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে যে, ওই মহিলা সম্ভবত মানসিক ভারসাম্যহীন। তাকে বর্তমানে আটক রাখা হয়েছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া নথি ও সামগ্রীগুলি কোথা থেকে এল, তা খতিয়ে দেখতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।