পাঁশকুড়ায় নির্বাচনী বিধি মানতে গিয়ে আক্রান্ত সরকারি কর্মী, কাঠগড়ায় আইএসএফ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আবহে পাঁশকুড়ার পশ্চিম চিলকা এলাকায় নির্বাচনী বিধি মেনে দলীয় পতাকা সরাতে গিয়ে আক্রান্ত হলেন সরকারি কর্মী লক্ষণ চন্দ্র সামন্ত। অভিযোগ, রাস্তার বৈদ্যুতিক খুঁটি থেকে আইএসএফ-এর পতাকা খোলার সময় একদল দুষ্কৃতী আচমকা তাঁর ওপর চড়াও হয়। এই হামলায় ওই কর্মীকে মারধর করার পাশাপাশি তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং সহকর্মীর মোবাইল ফোন কেড়ে নিয়ে নষ্ট করার অভিযোগও উঠেছে।
আক্রান্ত কর্মী লক্ষণ চন্দ্র সামন্ত জানান, সম্পূর্ণ প্রশাসনিক নির্দেশে কাজ করার সময় চার-পাঁচজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। ঘটনার পর তিনি স্থানীয় হাসপাতালে শারীরিক পরীক্ষা করিয়েছেন এবং ব্লক প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এবং নির্বাচন পরিচালনার কাজে নিযুক্ত কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিজেপির স্থানীয় নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। তবে অভিযুক্ত আইএসএফ-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটবঙ্গে একের পর এক সরকারি ও কমিশন কর্মীর ওপর হামলার ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।