পাকিস্তানের নজরে কি কলকাতা? প্রতিরক্ষামন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারিতে তীব্র চাঞ্চল্য

পাকিস্তানের নজরে কি কলকাতা? প্রতিরক্ষামন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারিতে তীব্র চাঞ্চল্য

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এক সভায় তিনি পরোক্ষভাবে দাবি করেছেন যে, পাকিস্তান থেকে প্রায় ২,০০০ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতাতেও হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। উল্লেখ্য, পাকিস্তান সীমান্ত থেকে কলকাতার আকাশপথের দূরত্ব প্রায় ১,৭০০ কিলোমিটার। মন্ত্রীর এই অদ্ভুত সতর্কবার্তা নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক কাটাছেঁড়া।

ইসলামাবাদের দাবি অনুযায়ী, তাদের অস্ত্রাগারে থাকা ‘শাহীন-৩’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই হুমকির মূল ভিত্তি। ২,৭৫০ কিলোমিটার পাল্লার এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি কেবল কলকাতা নয়, দিল্লি, মুম্বাই, চেন্নাই থেকে শুরু করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত আঘাত হানতে সক্ষম। কঠিন জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ও প্রচলিত—উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম এবং ভ্রাম্যমাণ উৎক্ষেপক থেকে যেকোনো সময় ছোড়া যায়। এছাড়া পাকিস্তানের হাতে রয়েছে এমআইআরভি প্রযুক্তিসম্পন্ন ‘আবাবিল’ এবং ‘গৌরী’র মতো একাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র।

তবে পাকিস্তানের এই হুমকির বিপরীতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ়। ভারতের হাতে থাকা অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র ৭,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে, যা সমগ্র পাকিস্তান ও চীনের বিশাল অংশকে আওতাভুক্ত করে। পাশাপাশি, ভারতের হাতে থাকা অত্যাধুনিক এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো বিদেশি ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই ধরনের আস্ফালন মূলত তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা থেকে নজর ঘোরানোর চেষ্টা। ভারতের নিশ্ছিদ্র বহুস্তরীয় সুরক্ষা বলয়কে ফাঁকি দিয়ে পাকিস্তানের পক্ষে কোনো হামলা চালানো কার্যত আসাম্ভব। কেবল নিজেদের অস্তিত্ব জাহির করতেই ইসলামাবাদ এ ধরনের উস্কানিমূলক মন্তব্য করে চলেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *