পাকিস্তানে জ্বালানির দাম আকাশছোঁয়া, মধ্যপ্রাচ্য সংকটে লিটারপ্রতি পেট্রোল ছাড়ালো ৪৫৮ রুপি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে চরম সংকটে পড়েছে পাকিস্তান। আন্তর্জাতিক পরিস্থিতির দোহাই দিয়ে শাহবাজ শরিফ সরকার মাসের শুরুতেই দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে। গত এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার জ্বালানির এই মূল্যবৃদ্ধি চরম অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা দেশটির সাধারণ মানুষের ওপর নতুন করে মূল্যবৃদ্ধির বোঝা চাপালো।
শুক্রবার থেকে কার্যকর হওয়া সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানে প্রতি লিটার ডিজেলের দাম একবারে ৫৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে বর্তমানে লিটারপ্রতি ডিজেলের দাম দাঁড়িয়েছে ৫২০.৩৫ পাকিস্তানি রুপি। একইভাবে পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ বাড়ানো হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে এখন প্রতি লিটার পেট্রোল কিনতে হচ্ছে ৪৫৮.৪০ পাকিস্তানি রুপি দরে। এর আগে গত মাসেই আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে জ্বালানির দাম প্রায় ২০ শতাংশ বাড়িয়েছিল ইসলামাবাদ।
পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির স্বপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বর্তমানে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশেষ করে আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতার প্রভাবে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়ায় দেশে তেলের দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। আমদানিকৃত তেলের ওপর অতিমাত্রায় নির্ভরশীল পাকিস্তান মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে জ্বালানি সংগ্রহ করে, যা সরবরাহ সংকটের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, তেলের দামের এই সাম্প্রতিক ঊর্ধ্বগতি পাকিস্তানে মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে তুলবে। হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেল সরবরাহ ব্যবস্থা সামান্য ব্যাহত হলেও পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতির দেশে তার প্রভাব পড়ে সুদূরপ্রসারী। দারিদ্র্যপীড়িত সাধারণ মানুষের জীবনযাত্রায় এই সিদ্ধান্ত চরম সংকট তৈরি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন পাকিস্তানের সাধারণ মানুষের পকেটে সরাসরি আঘাত হানছে।