পাকিস্তানে মসজিদে নামাজের পর লস্কর কমান্ডার বিলাল আরিফ সরাফিকে কুপিয়ে হত্যা

পাকিস্তানের মুরিদকে এলাকায় লস্কর-ই-তইবা কমান্ডার বিলাল আরিফ সরাফিকে নৃশংসভাবে হত্যা করেছে দুষ্কৃতীরা। শনিবার ঈদের নামাজ সেরে মসজিদ থেকে বেরোনোর সময় তাঁর ওপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘাতকরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিলালকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০০৫ সালে জঙ্গি সংগঠনে যোগ দেওয়া এই লস্কর নেতার।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, পারিবারিক শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে হামলার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ইতিমধ্য়েই এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। মুরিদকে স্থিত লস্কর সদর দপ্তরের কাছেই এই হামলার ঘটনাটি ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বিলাল আরিফ সরাফি ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার অন্যতম নাম ছিলেন। মূলত তরুণদের মগজধোলাই করে জঙ্গি সংগঠনে নিয়োগ, তহবিল সংগ্রহ এবং অস্ত্র সরবরাহের মতো গুরুতর কাজে লিপ্ত ছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে পাক মদতপুষ্ট এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর অন্যতম প্রধান সংগঠক হিসেবে কাজ করছিলেন বিলাল। তাঁর মৃত্যু লস্কর-ই-তইবার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।