পাক-আফগান সীমান্ত সংঘাত: মধ্যস্থতায় আগ্রহী ইরান, নজর সৌদির দিকে
শুক্রবার ভোররাত থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন ঘাজাব লিল হক’ সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। প্রতিবেশী দুই দেশের এই চরম উত্তেজনার আবহে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, শান্তি ফেরাতে এবং আলোচনা শুরু করতে তেহরান সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। পবিত্র রমজান মাসে এই রক্তক্ষয়ী সংঘর্ষ কাম্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, ইরান আগ্রহ দেখালেও পাকিস্তান এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি। তবে পাক বিদেশমন্ত্রী ইশাক দার সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করেছেন। সম্প্রতি দুই দেশের মধ্যে একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে কোনো এক পক্ষের ওপর হামলাকে যৌথ বিপদ হিসেবে গণ্য করার প্রতিশ্রুতি রয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে রিয়াদ কী ভূমিকা নেবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যে সৌদি বিদেশ মন্ত্রক উত্তেজনা প্রশমনে ইসলামাবাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। এই সীমান্ত সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতাকে সংকটে ফেলায় রাষ্ট্রপুঞ্জও উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে।