পাখির চোখ পশ্চিমবঙ্গ! বুথের বাইরে অশান্তি হলেও এবার পুনর্নির্বাচনের কড়া হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

পাখির চোখ পশ্চিমবঙ্গ! বুথের বাইরে অশান্তি হলেও এবার পুনর্নির্বাচনের কড়া হুঁশিয়ারি নির্বাচন কমিশনের

আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ রণকৌশল সাজাল নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যে ভোট থাকলেও কমিশনের মূল নজর এখন বাংলা। দুই দিনের রাজ্য সফরে এসে খোদ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন যে, এবার বাংলার ভোটে অশান্তি রুখতে কোনো আপস করা হবে না। নিয়মের ঘেরাটোপ বাড়িয়ে এবার বুথের অভ্যন্তরের পাশাপাশি বাইরের পরিস্থিতির ওপর ভিত্তি করেও পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে কমিশন।

কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের প্রশাসনিক আধিকারিক ও নোডাল এজেন্সির প্রধানদের সঙ্গে বৈঠকে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে। আগে নিয়ম ছিল, বুথের ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তবেই পুনর্নির্বাচন হতো। কিন্তু এবার শুধুমাত্র বাংলার ক্ষেত্রে বুথের বাইরে ১০০ মিটার এলাকার মধ্যে কোনো অশান্তির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বুথে পুনরায় ভোট গ্রহণ করা হতে পারে। নজরদারির জন্য এবার বুথের ভেতরে ও বাইরে উভয় জায়গাতেই সিসি ক্যামেরা রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্রের খবর, অতীতে সিসি ক্যামেরা বিকল করে দেওয়ার ভুরিভুরি অভিযোগ জমা পড়ায় এবার কমিশন আরও কঠোর। কোনো বুথে সিসি ক্যামেরা অকেজো করা হলে সেখানে তাৎক্ষণিকভাবে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হবে। প্রিসাইডিং অফিসারের ডায়েরি, ১৭এ ফর্মের স্ক্রুটিনি, মাইক্রো অবজার্ভার ও সেক্টর অফিসারদের রিপোর্টের পাশাপাশি এবার বুথের বাইরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে। এই কাজের জন্য বিশেষ আধিকারিকদের নিয়ে পৃথক দল গঠন করা হচ্ছে।

তবে কমিশনের এই বিশেষ নিয়মের তীব্র বিরোধিতা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য কেন আলাদা নিয়ম করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। সব মিলিয়ে ভোটের আগেই কমিশনের এই নয়া ছক ঘিরে রাজ্য রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *