পাঞ্জাবের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচ: স্পিনারদের ফর্মে ফেরার আসায় কেকেআর, বোলিং করতে পারেন গ্রিন

টানা দুই ম্যাচে হারের পর পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। লিগ টেবিলের তলানিতে থাকা কেকেআর শিবিরের মূল দুশ্চিন্তা এখন বোলারদের ছন্দহীনতা। সোমবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের বোলিং কোচ টিম সাউদি স্বীকার করেছেন যে, পাওয়ার প্লে-তে উইকেট নিতে না পারা এবং অভিজ্ঞতার অভাব দলকে ভোগাচ্ছে। তবে তরুণ বোলারদের প্রতিভা ও সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন তিনি।
দলের প্রধান অস্ত্র বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের নিষ্প্রভ পারফরম্যান্স কেকেআর-এর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত দুই ম্যাচে এই স্পিন জুটি মিলে মাত্র একটি উইকেট নিতে সক্ষম হয়েছেন। ওয়াংখেড়ে বা ইডেনের মতো রানের স্বর্গরাজ্যে স্পিনারদের ওপর পুনরায় ভরসা রাখছেন সাউদি। তাঁর বিশ্বাস, অভিজ্ঞ এই স্পিনাররা দ্রুতই আইপিএলের পুরনো ছন্দে ফিরবেন এবং প্রতিপক্ষকে জব্দ করতে সক্ষম হবেন।
এদিকে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের বোলিং নিয়ে আশার আলো দেখিয়েছেন বোলিং কোচ। অজি বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে গ্রিনের ফিটনেস নিয়ে কাজ করছে ম্যানেজমেন্ট। অনুশীলনে নিয়মিত বোলিং করা গ্রিনকে পাঞ্জাব ম্যাচ থেকেই বল হাতে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। দলের ব্যাটিং ফিনিশিং ও ‘প্ল্যান বি’ নিয়ে প্রশ্ন থাকলেও, প্রথম একাদশে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত না দিয়ে জয়ের পথে ফিরতে মরিয়া নাইট শিবির।