পাথরপ্রতিমায় নিম্নমানের সামগ্রী দিয়ে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির অভিযোগ, কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা

পাথরপ্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রনারায়ণপুর মসজিদপাড়া এলাকায় পথশ্রী প্রকল্পের আওতায় ঢালাই রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের দাবি, ঠিকাদার কোনো ওয়ার্ক অর্ডার না দেখিয়েই নিজের খেয়ালখুশি মতো কাজ করছেন। নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে ঢালাই হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাস্তায় বড় ফাটল দেখা দিচ্ছে, যা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার সঠিক দৈর্ঘ্য-প্রস্থ গোপন রাখা হয়েছে এবং পাশে প্রয়োজনীয় পাইলিং করা হচ্ছে না। কাজের গুণমান বজায় না থাকায় দীর্ঘস্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে তারা আপাতত নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, যথাযথ পরিকল্পনা ও সঠিক তদারকি ছাড়াই এই জনগুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
অন্যদিকে, দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ বেরা এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। তবে পঞ্চায়েত কর্তৃপক্ষের আশ্বাস, রাস্তার গুণমানের বিষয়ে কোনো আপস করা হবে না এবং নির্ধারিত সরকারি পরিকল্পনা মেনেই দ্রুত কাজ সম্পন্ন করা হবে।