পাথরপ্রতিমার সভায় অভিষেকের ‘পাঁচ প্রতিজ্ঞা’, বিএলএ কেনার অভিযোগে বিদ্ধ বিজেপি

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার নির্বাচনী সভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূলের জমা দেওয়া বিএলএ তালিকা বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছে এবং দিল্লি থেকে ফোন করে তাঁদের টাকা দিয়ে কেনার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে দলের কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি গতবারের তুলনায় দ্বিগুণ অর্থাৎ অন্তত ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি।
এদিন চড়া রোদ উপেক্ষা করে উপচে পড়া ভিড় দেখে আত্মবিশ্বাসী অভিষেক এলাকার মানুষের জন্য ‘পাঁচ প্রতিজ্ঞা’ ঘোষণা করেন। তিনি জানান, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখা, সবার জন্য পাকা ছাদ নিশ্চিত করা, দুয়ারে চিকিৎসা, পানীয় জল এবং বার্ধক্য ভাতার কাজ অগ্রাধিকার পাবে। এছাড়া কৃষকদের জন্য ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেটের প্রতিশ্রুতিও দিয়েছেন তৃণমূলের এই শীর্ষ নেতা।
বিজেপিকে ৫০টি আসনের মধ্যে আটকে রাখার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার নিজস্ব ক্ষমতায় ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবে। বহিরাগত বনাম ভূমিপুত্রের লড়াই উস্কে দিয়ে তিনি দাবি করেন, দিল্লির নেতারা বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে। তৃণমূল সর্বদা মানুষের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি দলীয় কর্মীদের মাটি কামড়ে লড়াই করার নির্দেশ দেন।