পারস্য উপসাগরে আমেরিকার শক্তিশালী রণতরী মোতায়েন ঘিরে ঘনিয়ে এল বিশ্বযুদ্ধের মেঘ

পশ্চিম এশিয়ায় সংঘাত চরম আকার ধারণ করায় মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ মোতায়েন করা হয়েছে যার সাথে রয়েছে ৩,৫০০-এরও বেশি দুর্ধর্ষ সেনা ও মেরিন কমান্ডো। সৌদি আরবের বিমান ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা জখম হওয়ার পরই ওয়াশিংটন এই কড়া পদক্ষেপ নিয়েছে। পেন্টাগন সূত্রে খবর, ইরানে বড় মাপের স্থল অভিযানের প্রস্তুতি চলছে এবং সান দিয়েগো থেকে আরও সামরিক ইউনিট ওই অঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
বর্তমানে ‘অপারেশন এপিক ফিউরি’-র অধীনে আমেরিকা ইতিমধ্যেই ইরানের হাজার হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যার পাল্টা হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে এবং লোহিত সাগরের বাণিজ্যিক পথগুলো এখন গভীর ঝুঁকির মুখে। ইয়েমেনের হুথি গোষ্ঠীও এই যুদ্ধে সরাসরি জড়িয়ে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরানে স্থল সেনা পাঠানোর চূড়ান্ত নির্দেশ দেন কি না এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।