পিএসএলে বলের রঙ পরিবর্তন নিয়ে তুঙ্গে বিতর্ক, নেটদুনিয়ায় ট্রোলের মুখে পাকিস্তান সুপার লিগ

পিএসএলে বলের রঙ পরিবর্তন নিয়ে তুঙ্গে বিতর্ক, নেটদুনিয়ায় ট্রোলের মুখে পাকিস্তান সুপার লিগ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসের ম্যাচে এক অদ্ভুত কাণ্ড ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ম্যাচের শুরুতে সাদা বল ব্যবহার করা হলেও, খেলা চলাকালীন তা ধীরে ধীরে গোলাপি ও পরে লালচে রঙ ধারণ করে। হায়দরাবাদ কিংসের ফিল্ডাররা ঘাম ও শিশির মুছতে নিজেদের মেরুন রঙের জার্সিতে বল ঘষতেই এই বিপত্তি ঘটে। নিম্নমানের জার্সির রঙ লেগে বলের রঙ বদলে যাওয়ায় ফ্লাডলাইটের নিচে ব্যাটিং করতে চরম সমস্যায় পড়েন ক্রিকেটাররা।

এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন হায়দরাবাদের অজি তারকা মার্নাস লাবুশানে। তিনি আম্পায়ারের কাছে অভিযোগ জানিয়ে বলেন যে, ক্যারিয়ারে এমন নজিরবিহীন ঘটনা তিনি আগে কখনও দেখেননি। পরিস্থিতি বেগতিক দেখে ১৫ ওভার শেষে আম্পায়াররা বল পরিবর্তন করতে বাধ্য হন। যদিও এই প্রতিকূলতার মধ্যেই লাহোর কালান্দার্স ৬৯ রানে জয়লাভ করে। ম্যাচ শেষে পরাজিত হায়দরাবাদ কর্তৃপক্ষ রসিকতা করে লাহোরকে ‘টি-২০ ফরম্যাটে প্রথম গোলাপি বলের ম্যাচ’ জয়ের অভিনন্দন জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে বইছে মিমের বন্যা। নেটিজেনদের একাংশ পিএসএল-কে ‘পয়সা শর্ট লিগ’ বলে কটাক্ষ করেছেন। কোটি কোটি টাকা খরচ করে দল গঠন করলেও ক্রিকেটারদের জার্সির মান কেন এত খারাপ, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক মানের একটি লিগে সরঞ্জামের এমন মান নিয়ে বিশ্ব ক্রিকেটে সমালোচনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *