পিএসএল ছেড়ে আইপিএলে শনালা: রাজস্থান রয়্যালসে যোগ দিয়ে পাকিস্তান ক্রিকেটে বড় ধাক্কা

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় রদবদল ঘটল রাজস্থান রয়্যালস শিবিরে। শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে তারা। মূলত চোটাক্রান্ত স্যাম কারানের বিকল্প হিসেবে শানাকাকে সই করানো হয়েছে। অভিজ্ঞ এই ক্রিকেটারের অন্তর্ভুক্তি রাজস্থানের মিডল অর্ডার এবং বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
শানাকার এই আকস্মিক সিদ্ধান্তে বড় সংকটে পড়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টটিতে লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু আইপিএলের প্রস্তাব পাওয়া মাত্রই তিনি পাকিস্তানের লিগ ছেড়ে ভারতে আসার সিদ্ধান্ত নেন। এর আগে জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারবানিও পিএসএল ছেড়ে কেকেআর-এ যোগ দিয়েছিলেন। একের পর এক বিদেশি ক্রিকেটারের এমন দলবদল পাকিস্তান ক্রিকেটে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
বিদেশি ক্রিকেটারদের পিএসএলের বদলে আইপিএলকে অগ্রাধিকার দেওয়ার এই প্রবণতায় উদ্বিগ্ন শোয়েব আখতারের মতো কিংবদন্তিরা। তাঁদের মতে, পিএসএলের গরিমা আইপিএলের দাপটে ম্লান হয়ে যাচ্ছে। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারানোয় টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন উঠছে। শানাকার এই দলবদল পাকিস্তান ক্রিকেটের প্রশাসনিক মহলেও নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে।