পিলখানায় প্রোমোটার খুনের রহস্যভেদে এবার ঘটনার পুনর্নির্মাণে নামছে সিআইডি

পিলখানায় প্রোমোটার খুনের রহস্যভেদে এবার ঘটনার পুনর্নির্মাণে নামছে সিআইডি

হাওড়ার পিলখানায় আলোচিত প্রোমোটার শফিক খান হত্যাকাণ্ডের কিনারা করতে তৎপরতা বাড়াল সিআইডি। ধৃত দুই প্রধান অভিযুক্ত হারুন এবং রাফাকাত ওরফে রোহিতকে নিয়ে এবার সরাসরি অকুস্থলে যাচ্ছেন তদন্তকারীরা। সেখানে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হবে। কীভাবে অপারেশন চালানো হয়েছিল এবং ঠিক কোন জায়গা থেকে গুলি চলেছিল, তার পূর্ণাঙ্গ তথ্য সাজাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধীদের চিহ্নিত করা এবং অপরাধের সঠিক সরণি তৈরি করে আদালতে পেশ করাই গোয়েন্দাদের মূল লক্ষ্য।

ইতিমধ্যেই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে উত্তর হাওড়ার অপরাধ জগতের নতুন সমীকরণ ভাবিয়ে তুলছে প্রশাসনকে। তদন্তকারীদের বিশেষ নজর রয়েছে কুখ্যাত দুষ্কৃতী টিপুর ওপর। নিহত শফিকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই টিপুকে হারুনের আদালতে হাজিরার দিন চত্বরের আশেপাশে দেখা গিয়েছিল। গোয়েন্দাদের ধারণা, শফিক খুনের বদলা নিতে টিপুও নিজের বাহিনী নিয়ে সক্রিয় হয়ে উঠেছে।

তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় দুষ্কৃতীদের একাধিক গোষ্ঠী সিন্ডিকেট ও তোলাবাজি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগ উঠেছে, পুলিশের নীচুতলার কিছু কর্মীর সঙ্গে এই অপরাধীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যা তাদের দৌরাত্ম্য আরও বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি বিহারের মুঙ্গের থেকে কারিগর এনে স্থানীয় স্তরে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পেয়েছেন গোয়েন্দারা। ভোটের আগেই এই অস্ত্র কারখানাগুলি গুঁড়িয়ে দিতে এবং অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দিতে সাঁড়াশি অভিযানে নামছে সিআইডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *