পুত্র সন্তান না হওয়ায় নৃশংসতা! স্ত্রী ও দুই শিশু কন্যাকে পুলে ডুবিয়ে খুনের অভিযোগ

তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পুত্র সন্তান না হওয়ার বিবাদে অন্তসত্ত্বা স্ত্রী ও দুই শিশু কন্যাকে সুইমিং পুলে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃতরা হলেন ২৬ বছর বয়সী ফারহাত এবং তাঁর দুই মেয়ে উমেরা ও আয়েশা। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে দাবি করা হলেও পুলিশের তদন্তে উঠে এসেছে গা শিউরে ওঠা তথ্য। বর্তমানে অভিযুক্ত স্বামী আজহারউদ্দিন পলাতক রয়েছে।
তদন্তে জানা গেছে, ফারহাত তৃতীয়বার গর্ভবতী ছিলেন এবং গর্ভস্থ সন্তানটিও মেয়ে হওয়ায় আজহারউদ্দিন গর্ভপাতের জন্য চাপ দিচ্ছিলেন। এতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে পরিবারের নিজস্ব সুইমিং পুলে তাঁদের ঠেলে দেওয়া হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার সময় সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকা এবং আজহারউদ্দিনের অসংলগ্ন বয়ান এই সন্দেহকে আরও জোরদার করেছে।
ফারহাতের পরিবারের অভিযোগ, কন্যা সন্তানের প্রতি বিরাগ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।