পুরসভা এলাকায় হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া শাওনি: মুর্শিদাবাদে জয়ের লক্ষ্যে তৃণমূলের বিশেষ রণকৌশল

বিগত বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা এলাকায় আশানুরূপ ফল না হওয়ায় অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী শাওনি সিংহরায়। পরাজয় সত্ত্বেও আসন্ন নির্বাচনে দল পুনরায় তাঁর ওপর আস্থা রাখায়, এবার জয়ের ধারা ফেরাতে কোমর বেঁধে ময়দানে নেমেছেন তিনি। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই দুই পুর এলাকার ভোট ব্যাঙ্ক মজবুত করতে এবং জনসংযোগ বৃদ্ধিতে বিশেষ জোর দিচ্ছেন শাওনি।
সম্প্রতি লালবাগ দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে শাওনি সিংহরায় দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে রণকৌশল নিয়ে আলোচনা করেন। বৈঠকে বুথভিত্তিক সংগঠন শক্তিশালী করা এবং রাজ্য সরকারের জনমুখী প্রকল্প ও পুর এলাকার উন্নয়নমূলক কাজগুলি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদ পরবর্তী সময়ে কর্মীদের পূর্ণ শক্তিতে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করেন তিনি।
শাওনি সিংহরায় জানান, গত নির্বাচনে সামান্য ব্যবধানে পরাজয়ের মূল কারণ ছিল পুর এলাকার ভোট সমীকরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থার মর্যাদা দিতে তিনি এবার দায়বদ্ধ। বিজেপির বিদায়ী বিধায়কের বিরুদ্ধে জনবিচ্ছিন্নতার অভিযোগ তুলে তিনি আশাপ্রকাশ করেন যে, উন্নয়নকে হাতিয়ার করে মুর্শিদাবাদ বিধানসভা আসনটি এবার বিপুল ভোটে জিতে তৃণমূল নেত্রীকে উপহার দিতে পারবেন।