‘পুরা ভারত টুট পড়েগা’, বাবরি মসজিদ গড়ার চ্যালেঞ্জে হুঙ্কার শমীক ভট্টাচার্যের

কলকাতা: “কারও যদি সাহস থাকে একবার বাবরি মসজিদ বানিয়ে দেখান, পুরো ভারত ঝাঁপিয়ে পড়বে।” মঙ্গলবার সল্টলেকের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই বিরোধী শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর ও ফিরহাদ হাকিমের প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য কড়া ভাষায় আক্রমণ শানান। ফিরহাদ হাকিমের তোলা ‘বিজেপি-হুমায়ুন কবীর আঁতাত’ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি পাল্টাচাল দেন। শমীক বলেন, “ফিরহাদ হাকিম নিশ্চয়ই খবর রেখেই বলছেন। তবে ওঁর যে ‘মিনি পাকিস্তান’ রয়েছে, সেখানে তো প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হয়। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কেন নীরব?”
শমীক ভট্টাচার্য স্পষ্ট করেন যে, বিজেপির লড়াই কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়। তিনি বলেন, “ভারতীয় মুসলমানদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা এপিজে আব্দুল কালাম বা কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা করি। কিন্তু টুকরে টুকরে গ্যাং বা আফজল গুরুর সমর্থকদের আমরা বরদাস্ত করব না।”
রাম মন্দির আন্দোলনের সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি সাফ জানান, যে ‘গোলামির নিশান’ দেশ থেকে মুছে ফেলা হয়েছে, তা কোনোভাবেই আর ফিরতে দেওয়া হবে না। যদি কেউ বাবরি মসজিদ পুনরায় গড়ার চেষ্টা করে, তবে পশ্চিমবঙ্গের প্রতিটি সম্প্রদায় তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে তিনি হুঁশিয়ারি দেন।