পুরুলিয়ায় আজসুকে আসন ছাড়ছে বিজেপি? মূল মানতার ছেলেকে নিয়ে তুঙ্গে জল্পনা

পুরুলিয়ায় আজসুকে আসন ছাড়ছে বিজেপি? মূল মানতার ছেলেকে নিয়ে তুঙ্গে জল্পনা

কুড়মি ভোটব্যাঙ্ক এককাট্টা করতে পুরুলিয়ার বাঘমুণ্ডি ও জয়পুর আসন দুটি শরিক দল আজসুকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর দিল্লি সফর এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। জঙ্গলমহল জুড়ে গুঞ্জন উঠেছে যে, কুড়মি আন্দোলনকারীদের সন্তুষ্ট করতেই এই কৌশল নেওয়া হচ্ছে।

এই সমীকরণে সবথেকে বেশি আলোচিত হচ্ছে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোর নাম। শোনা যাচ্ছে, আজসুর টিকিটে তিনি প্রার্থী হতে পারেন। বুধবার থেকে অজিত মাহাতোর মোবাইল ফোন বন্ধ থাকায় এবং সামাজিক মাধ্যমে তাঁর ছেলের নাম ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। কুড়মি সংগঠনগুলোর একাংশ আগে থেকেই বিজেপির দিকে ঝুঁকে থাকায় এই ‘সেটিং’ তত্ত্ব আরও জোরালো হচ্ছে।

অন্যদিকে, ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চাও জঙ্গলমহলের ১১টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাঁচিতে টাইগার জয়রাম মাহাতোর উপস্থিতিতে হওয়া বৈঠকে বাঘমুণ্ডি, বলরামপুর ও পুরুলিয়া সহ বেশ কিছু আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে। ২০ মার্চের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে কুড়মি ভোটকে কেন্দ্র করে পুরুলিয়ার রাজনৈতিক সমীকরণ এখন অত্যন্ত নাটকীয় মোড় নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *