পুরুলিয়ায় বিজেপির প্রার্থী সমীকরণ, আজসুকে আসন ছাড়া নিয়ে তুঙ্গে জল্পনা

পুরুলিয়ায় কুড়মি ভোটব্যাঙ্ক অটুট রাখতে বাঘমুণ্ডির পাশাপাশি জয়পুর আসনটিও শরিক দল আজসু-কে ছেড়ে দিতে পারে বিজেপি, এমনটাই গুঞ্জন রাজনৈতিক মহলে। গেরুয়া শিবিরের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পরই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর দিল্লি সফর এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। জঙ্গলমহল জুড়ে আলোচনা চলছে যে, কুড়মি আন্দোলনকারীদের আজসু-র টিকিটে প্রার্থী করা হতে পারে।
এই সম্ভাব্য প্রার্থী তালিকায় আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোর নাম বিশেষভাবে উঠে আসছে। সম্প্রতি অজিতপ্রসাদ মাহাতোর মোবাইল ফোন বন্ধ থাকায় এবং সমাজমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ায় চর্চা আরও বেড়েছে। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনেও কুড়মি সমাজের সঙ্গে বিজেপির গোপন সমঝোতার তত্ত্ব নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল পড়েছিল।
অন্যদিকে, কুড়মি ভোটকে হাতিয়ার করে জঙ্গলমহলের ১১টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা। রাঁচিতে দলের সুপ্রিমো জয়রাম মাহাতোর উপস্থিতিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক হয়েছে। বাঘমুণ্ডি, বলরামপুর ও কাশিপুরের মতো আসনগুলোতে দলের জেলা স্তরের নেতাদের নাম নিয়ে আলোচনা চলছে। ২১শে মার্চের জনসভার আগেই তারা পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করতে পারে।