পুরুলিয়ায় রান্নার গ্যাসের তীব্র সংকটের সুযোগে আকাশছোঁয়া কালোবাজারি নাজেহাল সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা

পুরুলিয়ায় রান্নার গ্যাসের তীব্র সংকটের সুযোগে আকাশছোঁয়া কালোবাজারি নাজেহাল সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা

রান্নার গ্যাসের তীব্র সংকটের সুযোগ নিয়ে পুরুলিয়া জেলাজুড়ে শুরু হয়েছে অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি। জেলার বাণিজ্যিক গ্যাসের সরবরাহ কার্যত থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। অভিযোগ, মজুত থাকা সিলিন্ডারগুলি অতিরিক্ত চড়া দামে বিক্রি করা হচ্ছে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে জনমানসে।

গত কয়েকদিন ধরে জেলাজুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের আকাল দেখা দিয়েছে। ডিস্ট্রিবিউটরদের দাবি, পর্যাপ্ত জোগান না থাকায় তাঁরা সিলিন্ডার সরবরাহ করতে পারছেন না। তবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পুরুলিয়া জেলা হোটেল মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহিত লাটা জানান, অধিকাংশ ডিস্ট্রিবিউটরের কাছে গ্যাস নেই। যাঁদের কাছে মজুত রয়েছে, তাঁরা আকাশছোঁয়া দাম চাইছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

অন্যদিকে, পুরুলিয়া মফস্সল থানার সিঁদরি চাষমোড় এলাকায় ডিস্ট্রিবিউটররা সিলিন্ডার নেই বললেও গোপনে চড়া দামে চার ও পাঁচ কিলোগ্রামের গ্যাস বিক্রি করছেন বলে স্থানীয়দের অভিযোগ। অনুষ্ঠান বাড়ির প্রয়োজনেও অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না গ্যাস। কালোবাজারি রুখতে টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়ে মহকুমা শাসকের কাছে চিঠি দিয়েছেন স্থানীয় এক বাসিন্দা। শুধু রান্নার গ্যাসই নয়, সিএনজি পাম্পগুলিতেও জোগান কম থাকায় গাড়ি চালকরা সমস্যায় পড়েছেন।

এই বিষয়ে পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) উৎকর্ষ সিং জানান, বিষয়টি তাঁর জানা নেই, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *