পুরুষের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়াচ্ছে প্রসেসড ফুড, বাবা হওয়ার স্বপ্নে বাধা হতে পারে আপনার খাদ্যাভ্যাস

বর্তমান সময়ের অনিয়মিত জীবনযাত্রা এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত বা ‘আল্ট্রা প্রসেসড’ খাবার খাওয়ার প্রবণতা পুরুষদের প্রজনন ক্ষমতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, খাদ্যাভ্যাসের এই পরিবর্তনের কারণে পুরুষদের বাবা হওয়ার পথে বড় বাধা তৈরি হতে পারে। নেদারল্যান্ডসের ইরাসমাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের গবেষক ডক্টর রোমি গেলার্ডের নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হয়েছে।
বিখ্যাত মেডিকেল জার্নাল ‘হিউম্যান রিপ্রোডাকশন’-এ প্রকাশিত এই গবেষণাপত্রটি অনুযায়ী, অত্যাধিক প্রক্রিয়াজাত খাবার পুরুষদের বন্ধ্যাত্বের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। গবেষকরা সতর্ক করেছেন যে, এই ধরনের খাবার কেবল শুক্রাণুর গুণমানই নষ্ট করে না, বরং গর্ভধারণের পর ভ্রূণের প্রাথমিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে। ফলে সুস্থ সন্তান লাভের পথে তৈরি হচ্ছে জটিল অন্তরায়।
গবেষণায় মূলত উচ্চ শর্করাযুক্ত কোমল পানীয়, প্যাকেটজাত স্ন্যাকস, ফাস্ট ফুড এবং ফ্রোজেন ফুডকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই খাবারগুলিতে কৃত্রিম রং ও হাইড্রোজেনেশড ফ্যাট বেশি থাকে, যা হরমোনের ভারসাম্য নষ্ট করে। বিশেষজ্ঞদের মতে, এই খাদ্যাভ্যাস কেবল প্রজনন ক্ষমতারই ক্ষতি করছে না, বরং হার্টের সুস্বাস্থ্যের ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
অকাল মৃত্যুর আশঙ্কা নিয়েও এই গবেষণায় উদ্বেগের কথা জানানো হয়েছে। ‘আমেরিকান জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, অতি মাত্রায় প্রক্রিয়াজাত খাবারের কারণে অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ে। উদাহরণস্বরূপ, ২০১৯ সালে ব্রাজিলে প্রায় ৫৭ হাজার মানুষের অকাল মৃত্যুর জন্য এই ভুল খাদ্যাভ্যাসকেই দায়ী করা হয়েছিল। যা জনস্বাস্থ্যের জন্য এক অশনিসংকেত।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রজনন ক্ষমতা অটুট রাখতে এবং সুস্থ জীবন পেতে প্রসেসড ফুড এড়িয়ে চলা জরুরি। এর পরিবর্তে খাদ্যতালিকায় টাটকা শাকসবজি, ফলমূল এবং পুষ্টিকর ঘরোয়া খাবার রাখা প্রয়োজন। নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাসই পারে পুরুষদের প্রজনন সংক্রান্ত সমস্যা থেকে দূরে রাখতে এবং দীর্ঘায়ু নিশ্চিত করতে।