পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই বঙ্গে ভোট ঘোষণার ইঙ্গিত কমিশনের

আগামী ২৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা প্রায় আসাম্ভব হওয়ায় এই তালিকাটি পূর্ণাঙ্গ হবে না। কমিশন জানিয়েছে, আইনি জটিলতা এড়াতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। শেষ দফার সেই তালিকাটিকেই চূড়ান্ত হিসেবে গণ্য করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
মঙ্গলবার কমিশন স্পষ্ট করেছে যে, ভোটার তালিকা সম্পূর্ণ হওয়ার আগেই ভোটের দিনক্ষণ ঘোষণা করতে কোনও বাধা নেই। রাজ্যে খসড়া তালিকা থেকে ইতিমধ্যেই প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে, যা চূড়ান্ত তালিকায় আরও বাড়তে পারে। বিপুল সংখ্যক ভোটারের নাম যাচাইয়ের জন্য ভিন রাজ্য থেকে বিচারক আনার প্রয়োজনীয়তাও অনুভব করছে কমিশন। মনোনয়নের শেষ মুহূর্ত পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে।
এদিকে, মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তাঁকে লক্ষ্য করে বিক্ষোভ দেখান এবং স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের দাবি না মেনে বিরোধী দলনেতাকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। যদিও শেষ পর্যন্ত কোনও বড়সড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।