পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে সিইও দপ্তরের সামনে বামেদের রাতভর অবস্থান

রাজ্যে প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে বুধবার বিকেল থেকে কলকাতার সিইও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হলেন বাম নেতৃত্ব। মহম্মদ সেলিম ও বিমান বসুর নেতৃত্বে টি বোর্ড থেকে শুরু হওয়া এই মিছিলটি মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে এসে শেষ হয়। পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে সাফ জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক।
বিক্ষোভকারীদের দাবি, নির্বাচন ঘোষণার আগে ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ করতে হবে। বুধবার রাতে রাস্তার উপরেই ইফতার সেরেছেন আন্দোলনকারীরা। সিইও মনোজকুমার আগরওয়ালের সঙ্গে দেখা করার দাবিতে অনড় বাম নেতারা পুলিশের অনুরোধ সত্ত্বেও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেননি। বৃহস্পতিবার এই ইস্যুতেই সিইও দপ্তরের সামনে বড়সড় সমাবেশের ডাক দিয়েছে বামফ্রন্ট। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।