পেসারদের চোট ও রাজনৈতিক জটিলতায় সংকটে কেকেআর, দুশ্চিন্তায় ম্যানেজমেন্ট
চলমান টি-২০ বিশ্বকাপ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সমর্থকদের জন্য চরম উৎকণ্ঠা বয়ে এনেছে। ফ্র্যাঞ্চাইজিটির পেস বোলিং বিভাগ একের পর এক ধাক্কায় বিপর্যস্ত। চোটের কারণে পেসার হর্ষিত রানা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় আইপিএলের শুরুতেও তাঁর খেলা অনিশ্চিত। এর মধ্যেই শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়ায় নাইট শিবিরে উদ্বেগের মেঘ ঘনীভূত হয়েছে।
গত মরশুমে অভিজ্ঞ পেসারের অভাব মেটাতে কেকেআর ১৮ কোটি টাকায় পাথিরানা এবং ৯.৫ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। তবে রাজনৈতিক কারণে মুস্তাফিজুরকে ছেঁটে ফেলার পর এখন পাথিরানাও চোটগ্রস্ত। শ্রীলঙ্কা বোর্ড তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও কোনো চূড়ান্ত আপডেট না দিলেও, আইপিএলের শুরুতে এই লঙ্কান পেসারকে না পাওয়া গেলে দল বিরাট চাপের মুখে পড়বে।
মুস্তাফিজুর, হর্ষিত এবং পাথিরানার অনুপস্থিতিতে কেকেআরের পেস আক্রমণ এখন অনেকটাই মেরুদণ্ডহীন। বৈভব অরোরা ও উমরান মালিকের মতো অনভিজ্ঞ বোলারদের ওপর ভরসা করা ছাড়া ম্যানেজমেন্টের হাতে বিকল্প কম। বর্তমানে কেকেআর ভক্তদের একমাত্র প্রার্থনা, পাথিরানার চোট যেন গুরুতর না হয় এবং আইপিএল শুরুর আগেই তিনি পূর্ণ ফিটনেস ফিরে পান।