পোখরণে গর্জে উঠবে ভারতের এস ৪০০ মিসাইল, আকাশপথে শত্রুর দাপট রুখতে বায়ুসেনার মেগা মহড়া শুরু

নিউজ ডেস্ক: ভারতীয় বায়ুসেনার শক্তিতে এবার কাঁপবে শত্রুপক্ষ। রাজস্থানের পোখরণ ফিল্ড ফায়ারিং রেঞ্জে শুক্রবার আয়োজিত হতে চলেছে বায়ুসেনার সবথেকে বড় শক্তির প্রদর্শনী ‘বায়ুশক্তি ২৬’। দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথমবার ভারতীয় সেনার তুরুপের তাস এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোদস্তুর অ্যাকশনে দেখা যাবে। মহড়ার আগে বায়ুসেনার পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কীভাবে এই দূরপাল্লার মিসাইল নিখুঁত লক্ষ্যে আঘাত হানছে।
রাষ্ট্রপতির উপস্থিতিতে বিশেষ শক্তিপ্রদর্শন
আগামীকাল পোখরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বায়ুসেনার এই মহড়ায় ১০০টিরও বেশি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার অংশ নিচ্ছে। গত বছরের ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যের পর এবারের আয়োজনে বিশেষ জোর দেওয়া হয়েছে উন্নত মিসাইল সিস্টেম, মাল্টি-ডোমেন অপারেশন এবং চালকহীন সমরাস্ত্রের ওপর।
প্রস্তুতি তুঙ্গে
ইতিমধ্যেই পোখরণে ফুল ড্রেস রিহার্সাল সম্পন্ন হয়েছে। বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, মহড়ার প্রতিটি লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা সম্ভব হয়েছে। ১৯৮৫ সাল থেকে শুরু হওয়া এই ইভেন্টটি ভারতীয় বায়ুসেনার ফায়ারপাওয়ার প্রদর্শনের সবথেকে বড় মাধ্যম। এবারের মহড়ার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোকে কড়া বার্তা দেওয়া হচ্ছে যে, ভারতের আকাশসীমা সম্পূর্ণ সুরক্ষিত এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বায়ুসেনা সর্বদা প্রস্তুত।