পোলিং এজেন্টদের আঙুল দেখার নিদান দিয়ে নতুন বিতর্কে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার

চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে ঘিরে রাজনৈতিক মহলে ফের শোরগোল শুরু হয়েছে। এবার দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত একটি নির্বাচনী সভা থেকে পোলিং এজেন্টদের উদ্দেশ্যে দেওয়া তাঁর বিতর্কিত মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রচার সভায় কর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, পোলিং এজেন্টদের শুধু লক্ষ্য রাখতে হবে ভোটারদের আঙুল কোন দিকে উঠছে বা নামছে। আঙুল দেখেই বিকেলে যেন জানিয়ে দেওয়া হয় কোন বুথে কত ব্যবধানে জয় আসবে। ৩৬১টি বুথেই জোড়াফুল ফুটবে বলে তিনি দাবি করেন।
টিকিট না পাওয়া এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সংবাদ শিরোনামে এসেছেন অসিত মজুমদার। এক সময় দলীয় প্রার্থীর হয়ে প্রচারে অনীহা প্রকাশ করলেও, বর্তমানে দেবাংশু ভট্টাচার্যের জয়যাত্রা অব্যাহত রাখতে ময়দানে নেমেছেন তিনি। নিজের এলাকার সব কটি বুথে দলের জয় সুনিশ্চিত করতে কর্মীদের উৎসাহিত করার পাশাপাশি পোলিং এজেন্টদের উপর বিশেষ দায়িত্বভার অর্পণ করেছেন তিনি।
রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটে গিয়েছে বলেও এই সময় জানান অসিত মজুমদার। দলীয় নির্দেশে তিনি রচনার সঙ্গে একযোগে প্রচারে নামতে প্রস্তুত এবং সাংসদও যেন দেবাংশুর হয়ে প্রচারে অংশ নেন, সেই ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। অতীতে প্রার্থী না হতে পেরে রাজনৈতিক সন্ন্যাস বা নির্দল হয়ে লড়ার হুঁশিয়ারি দিলেও, বর্তমানে সেই অধ্যায় সরিয়ে রেখে পুরোদমে প্রচার চালাচ্ছেন এই বিদায়ী বিধায়ক। তবে পোলিং এজেন্টদের আঙুল দেখে ভোটের ফল নির্ধারণের এই নিদান নতুন করে বিতর্কের জন্ম দিল।