প্যান কার্ড ছাড়াই কোটি টাকার সম্পত্তি কেনাবেচা! সাব-রেজিস্ট্রার অফিসে আয়কর হানা

নয়ডার সাব-রেজিস্ট্রার অফিসে আয়কর দপ্তরের আকস্মিক অভিযানে বড়সড় দুর্নীতির পর্দাফাঁস হয়েছে। শুক্রবার আধিকারিকদের একটি বিশেষ দল দপ্তরে হানা দিয়ে নথিপত্র পরীক্ষা শুরু করেন। প্রাথমিক তদন্তে প্রায় ৩,০৩৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উঠে এসেছে। বহু সম্পত্তির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্যান কার্ডের তথ্য ভুল, আসাম্পূর্ণ অথবা একেবারেই উল্লেখ নেই বলে অভিযোগ। এই ধরণের বড় অঙ্কের লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক হলেও তা এড়িয়ে চলায় বড় মাপের কর ফাঁকির আশঙ্কা করছেন তদন্তকারীরা।
দীর্ঘদিন ধরে নোটিশ পাঠিয়েও রেকর্ড সংশোধন না হওয়ায় ক্ষুব্ধ আয়কর দপ্তর। তদন্তকারী দলের দাবি, বারবার সতর্ক করার পরেও আধিকারিক ও এজেন্টের একাংশ গাফিলতি বজায় রেখেছেন। গুরুত্বপূর্ণ ডিজিটাল ও শারীরিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। কানপুরের পর নয়ডার এই ঘটনায় গোটা রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কর ফাঁকির জাল ছিন্ন করতে আয়কর দপ্তর এখন জেলার অন্যান্য সাব-রেজিস্ট্রার অফিসের নথিও খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে।