প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা: কীভাবে যাচাই করবেন নিজের নাম?
সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে নির্বাচন কমিশন আজ ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে। এই তালিকাটি এখন থেকে সাধারণ মানুষের জন্য অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই উপলব্ধ করা হয়েছে। ভোটাররা নিজেদের নাম তালিকায় রয়েছে কি না, তা সহজেই যাচাই করে নিতে পারবেন।
নির্বাচন কমিশনের জাতীয় ওয়েবসাইট (eci.gov.in) এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পোর্টাল (ceowestbengal.wb.gov.in)-এ সম্পূর্ণ তালিকাটি আপলোড করা হয়েছে। এছাড়াও, ‘ECINET’ মোবাইল অ্যাপ ব্যবহার করে ভোটার আইডি বা এপিক নম্বর দিয়ে নিজের নাম অনুসন্ধান করা যাবে। তালিকায় নাম না থাকলে বা বাদ পড়লে সংশ্লিষ্ট ক্ষেত্রে ‘ডিলিটেড’ স্ট্যাটাস প্রদর্শিত হবে।
অনলাইনের পাশাপাশি অফলাইন ব্যবস্থাতেও ভোটার তালিকা যাচাইয়ের সুবিধা রাখা হয়েছে। সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার বা বিএলও (BLO)-দের কাছে ভোটার তালিকার হার্ড কপি পাঠানো হয়েছে, যা সরাসরি গিয়ে দেখা যাবে। কমিশন সাধারণ ভোটারদের দ্রুত তালিকা যাচাইয়ের অনুরোধ জানিয়েছে।