প্রকাশিত হলো ভোটার তালিকার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, জেনে নিন বিস্তারিত

রাজ্য নির্বাচন কমিশন সোমবার রাতে বহু প্রতীক্ষিত প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে। আদালতের নির্দেশ মেনে বিবেচনাধীন ভোটারদের তথ্য যাচাইয়ের পর এই তালিকা জনসমক্ষে আনা হয়েছে। মূলত ই-সাইন ও দীর্ঘ প্রযুক্তিগত প্রক্রিয়ার কারণে তালিকা প্রকাশে কিছুটা বিলম্ব হলেও, রাত ১২টার আগেই কমিশনের পোর্টালে তথ্য আপলোড করা হয়।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এই সাপ্লিমেন্টারি তালিকায় নাম সংযোজন (Additions) এবং বিয়োজন (Deletions)—উভয় বিভাগই অন্তর্ভুক্ত রয়েছে। কালিম্পং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলাগুলোতে সিংহভাগ আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। ভোটাররা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য দিয়ে নিজেদের নাম যাচাই করে নিতে পারবেন।
যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের জন্য আপিল করার সুযোগ থাকছে। রাজ্যজুড়ে গঠিত ১৯টি বিশেষ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত আবেদন জানানো যাবে। সোমবার রাতে অনলাইনে তালিকা প্রকাশ করা হলেও, মঙ্গলবার থেকে এর প্রিন্ট কপি পাওয়া যাবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে হাইকোর্টের নির্দেশিকা মেনেই যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।