প্রচারে অভিনবত্ব তৃণমূলের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান এবার এলইডি ভ্যানে

নির্বাচনী প্রচারের কৌশলে বড়সড় বদল এনে তাক লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শহর থেকে গ্রাম—সর্বত্রই এখন নজর কাড়ছে বিশেষ এলইডি ভ্যান। এই সুসজ্জিত গাড়িগুলির মাধ্যমে শহরতলি ও মফস্সলের অলিগলিতে পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্যের খতিয়ান। জনবহুল এলাকায় এই প্রচার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে।
ভ্যানের বড় স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার গুরুত্বপূর্ণ বক্তব্যের বাছাই করা অংশ। এর পাশাপাশি ‘লক্ষ্মী এল ঘরে’ শীর্ষক তথ্যচিত্রটির মাধ্যমে সরকারি প্রকল্পগুলোর সুফল সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছে শাসক দল।
বিশেষত বিকেল ও সন্ধ্যার জনাকীর্ণ সময়গুলোতে এই ভ্যানগুলো বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরছে। পথচলতি মানুষ দাঁড়িয়ে সেই ডিজিটাল প্রচার দেখছেন। অভিনব এই প্রচার পদ্ধতির মাধ্যমে তৃণমূল নেতৃত্ব একদিকে যেমন আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাচ্ছেন, ঠিক তেমনি সাধারণ ভোটারদের কাছে উন্নয়নের বার্তা আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে সক্ষম হচ্ছেন।