প্রতিরক্ষা খাতে ২.৩৮ লক্ষ কোটি টাকার বিশাল অনুমোদন: তিন বাহিনীর শক্তি বৃদ্ধিতে কেন্দ্রের মেগা পদক্ষেপ

ভারতের সামরিক সক্ষমতা এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিতে প্রতিরক্ষা মন্ত্রক প্রায় ২.৩৮ লক্ষ কোটি টাকার ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যািশন কাউন্সিলের (ডিএসি) বৈঠকে স্থল, বায়ু এবং উপকূলরক্ষী বাহিনীর জন্য আধুনিক যুদ্ধাস্ত্র ও প্রযুক্তিগত সরঞ্জাম কেনার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি অর্থবর্ষে প্রতিরক্ষা চুক্তির পরিমাণ ইতিমধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
সেনাবাহিনীর জন্য রিয়েল-টাইম আকাশপথ নজরদারি ব্যবস্থা, হাই ক্যাপাসিটি রেডিও রিলে এবং দূরপাল্লার ধনুষ গান সিস্টেমের ছাড়পত্র মিলেছে। পাশাপাশি, বায়ুসেনার পুরনো পরিবহন বিমান বদলে নতুন মিডিয়াম ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট এবং শক্তিশালী S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের প্রক্রিয়া শুরু হচ্ছে। শত্রু দমনে সক্ষম রিমোটলি পাইলটেড স্ট্রাইক এয়ারক্রাফ্ট এবং Su-30 যুদ্ধবিমানের ইঞ্জিন সংস্কারের বিষয়টিও এই অনুমোদনের অন্তর্ভুক্ত।
উপকূলীয় নিরাপত্তার স্বার্থে কোস্ট গার্ডের জন্য বিশেষ হোভারক্রাফ্ট বা হেভি ডিউটি এয়ার কুশন ভেহিকল কেনা হচ্ছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং দেশীয় প্রযুক্তিতে সামরিক আধুনিকীকরণের লক্ষ্যেই এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপ ভারতের তিন বাহিনীকে রণকৌশলগত দিক থেকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।