প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হবে, বিহার থেকে বাংলা জয়ের হুঙ্কার শাহর

প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হবে, বিহার থেকে বাংলা জয়ের হুঙ্কার শাহর

নিউজ ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিহারের মাটি থেকে পশ্চিমবঙ্গ জয়ের রণকৌশল স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বিহারের আরারিয়া জেলায় এক বিশাল জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি দাবি করেন, বাংলায় পরবর্তী সরকার গড়বে ভারতীয় জনতা পার্টিই। আর ক্ষমতায় এসেই তাঁদের প্রথম কাজ হবে রাজ্য থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশছাড়া করা।

অমিত শাহ সরাসরি অভিযোগ তোলেন যে, গত কয়েক বছরে বাংলায় অনুপ্রবেশের ফলে জনবিন্যাস বা ডেমোগ্রাফি আমূল বদলে গিয়েছে। তিনি বলেন, “আমি বিহারের মানুষকে কথা দিয়েছিলাম প্রত্যেক অনুপ্রবেশকারীকে ভারত থেকে বের করে দেব। এখন সময় এসেছে গোটা সীমান্ত এলাকাকে অনুপ্রবেশমুক্ত করার।” শাহর দাবি, ভোটব্যাঙ্কের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন এবং ভোটার তালিকা সংশোধনে বাধা সৃষ্টি করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই চরম হুঁশিয়ারির পালটা জবাব দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ-এর, যা সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকে। যদি অনুপ্রবেশ ঘটে থাকে, তবে সেটা অমিত শাহর নিজের ব্যর্থতা। ওঁর উচিত পদত্যাগ করা।” তৃণমূলের দাবি, বাংলা জয়ের যে স্বপ্ন বিজেপি দেখছে, তা কোনোদিনই পূরণ হবে না।

রাজনৈতিক মহলের ধারণা, মার্চের তৃতীয় সপ্তাহেই বাংলায় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার ঠিক আগেই অমিত শাহর এই ‘অনুপ্রবেশকারী’ তাস বাংলার ভোটের লড়াইকে যে আরও উত্তপ্ত করে তুলল, তা বলাই বাহুল্য। এখন দেখার, এই ইস্যু ব্যালট বক্সে কতটা প্রভাব ফেলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *