প্রথম দফার ভোটার তালিকা আজই ফ্রিজ হচ্ছে, অনিশ্চয়তায় কয়েক হাজার বিচারাধীন ভোটারের ভাগ্য

প্রথম দফার ভোটার তালিকা আজই ফ্রিজ হচ্ছে, অনিশ্চয়তায় কয়েক হাজার বিচারাধীন ভোটারের ভাগ্য

রাজ্যে আসন্ন প্রথম দফার নির্বাচনের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই কয়েক হাজার ভোটারের ভোটাধিকার নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সোমবারই নিয়ম অনুযায়ী প্রথম দফার ভোটার তালিকা ‘ফ্রিজ’ বা চূড়ান্ত করা হচ্ছে। অর্থাৎ, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পার হওয়ার পর এই তালিকায় আর কোনো পরিবর্তন বা নতুন নাম অন্তর্ভুক্তি সম্ভব নয়। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম তোলার প্রক্রিয়া এখনও বিশ বাঁও জলে।

কমিশন সূত্রে খবর, বিচারাধীনদের অতিরিক্ত তালিকা থেকে যাঁরা বাদ পড়েছেন এবং ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত ২১ মার্চ রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু সেই বিজ্ঞপ্তির ১৫ দিন পার হয়ে গেলেও এখনও অধিকাংশ জায়গায় শুনানির কাজ শুরু করা যায়নি। মূলত প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবেই ট্রাইব্যুনালের কার্যক্রম আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে প্রথম দফার ১৫২টি আসনের অসংখ্য ভোটার এবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

পরিকাঠামো সংক্রান্ত জটিলতা কাটাতে কমিশন জোকার শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে অ্যাপিলেট ট্রাইব্যুনাল পরিচালনার জন্য কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের থেকে অনুমতি পেয়েছে। রাজ্য স্বরাষ্ট্র ও পূর্ত দপ্তরের সঙ্গে এই বিষয়ে দফায় দফায় আলোচনা চললেও মাঠ পর্যায়ে কাজ শুরু হয়নি। ফলে প্রথম দফার পাশাপাশি দ্বিতীয় দফার ভোটারদের মধ্যেও তীব্র উৎকণ্ঠা ছড়িয়েছে। আগামী ৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটার তালিকাও ফ্রিজ হওয়ার কথা রয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার রক্ষার প্রশ্নে কমিশন শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *